







শাইখ ড. মুযাফফর বিন মুহসিন ১৯৮৫ সালের ১ জানুয়ারি রাজশাহী জেলার বাঘা থানার হেদাতিপাড়া বাওশা গ্রামে জন্মগ্রহন করেন। তিনি ২০০০ সালে মাদ্রাসা বোর্ড থেকে দাখিল, ২০০৩ সালে আলিম ও ২০০৭ সালে ফাজিল পাস করেন। আরবি শিক্ষার পাশাপাশি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ সালে বি.এ (সম্মান) এবং ২০০৮ সালে এম.এ পাশ করেন। এছাড়াও তিনি আলাদিপুর সালাফিয়া মাদ্রাসা থেকে ২০০১ সালে দাওরা হাদীস পাশ করেন। রাজশাহী ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেন।
কর্ম জীবনে তিনি ২০০১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ আহলে হাদীছ যুবসংঘের কেন্দ্রীয় দায়িত্ব পালন করেন, এর মাঝে ২০০৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত কেন্দ্রীয় সেক্রেটারি এবং ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। পাশাপাশি ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী মাদরাসাতে মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও ২০০০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত মাসিক আত-তাহরিক পত্রিকার সাথে কাজ করেন। ২০০৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত পত্রিকা তাওহীদের ডাকের সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে জাগরণ পত্রিকাতেও তিনি কাজ করেন। এছাড়াও ২০০০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ-এর ফাতাওয়া বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য যে ২০১৪ সালে মাওলানা নুরুল ইসলাম ফারুকির হত্যার মিথ্যা মামলায় জেলে যান এবং ৪ মাস ১০ দিন জেল খেটে অবশেষে মুক্তি লাভ করেন।
অতঃপর ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত আল-জামিয়া আস-সালাফিয়া, ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী মাদরাসাতে ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন। পাশাপাশি ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মাসিক আল-ইতিছাম পত্রিকায় সম্পাদকের দায়িত্ব পালন করেন।
এরপর ২০১৯ সালে মাসিক আল-ইখলাছ নামে নিজেই একটি পত্রিকা চালু করেন এবং এতে সম্পাদকের দায়িত্ব পালন করেন।
২০২০ সালে এসে বাউসা হেদাতীপাড়া, তেঁথুলিয়া, বাঘা, রাজশাহীতে প্রতিষ্ঠা করেন দারুল হুদা ইসলামী কমপ্লেক্স। উক্ত কমপ্লেক্সের পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন। এখানে নানাবিধ শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ২০২৪ সালে মাদরাসাটি সৌদি আরবের ইউনিভার্সিটিতে স্কলারশিপে উচ্চতর শিক্ষা অর্জনের জন্য মুয়াদালা প্রাপ্ত হয় আলহামদুলিল্লাহ।
২৬ মার্চ ২০২৩ তিনি দেশের বৃহত্তর প্রাচীন দাওয়াতি সংগঠন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসে যোগদান করেন, বর্তমানে তিনি জমঈয়তের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
এছাড়াও তিনি প্রায় ৩০ এর অধিক বিভিন্ন বিষয় ভিত্তিক ইসলামী বই অনুবাদ, সম্পাদনা ও গ্রন্থনা সম্পাদন করেছেন, পাশাপাশি তার নিজের লিখিত অনেকগুলো বই রয়েছে।
দাওয়াতি ময়দানে দেশের বিভিন্ন অঞ্চলে তার পদচারনা রয়েছে। তিনি দেশের বিভিন্ন অঞ্চলে জুমু’আর খুতবা, ইসলামী হালাকা, ওয়াজ মাহফিল, সভা-সেমিনার, ইসলামী সম্মেলনে জ্ঞানগর্ভ আলোচনার মাধ্যমে কুরআন ও সহীহ সুন্নাহের প্রচার ও প্রসারে কাজ করে যাচ্ছেন। এছাড়াও এক সময় তিনি বিশ্ব নন্দিত বক্তা ডাক্তার জাকির নায়েকের পীস টিভিতেও আলোচনা প্রদান করেছেন।